ছবিতে ভেনেজুয়েলায় দুই ভূমিকম্পের ভয়াবহতা

স্টার অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের পর এখন চলছে উদ্ধার তৎপরতা। সেখানে উদ্ধারকর্মী ও সাধারণ লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
কারাকাসে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ভবন। ছবি: এএফপি

 

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধা ৬টা ৪ মিনিটে পরপর শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জোড়া ভূমিকম্পের পর আরও অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছুটতে শুরু করেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়ায় ভূমিকম্পের পর একটি ধসে পড়া ভবনের পাশে দাঁড়িয়ে আছেন একজন পৌর পুলিশ কর্মকর্তা। ছবি: এএফপি

ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক ভবন ধসে পড়েছে এবং দেশের প্রধান বিমানবন্দরটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট  দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
কারাকাসের আলতামিরা এলাকায় ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত একটি ভবন। ছবি: এএফপি

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫। এদের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে যথাক্রমে ২২ কিলোমিটার এবং ১০ কিলোমিটার গভীরে।

কারাকাসে ধসে পড়া একটি ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট আজ বৃহস্পতিবার জানান, ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানীর কাছে অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল লা গুয়াইরার ক্ষয়ক্ষতির তথ্য এখনও পুরোপুরি পাওয়া যায়নি।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
ভূমিকম্পে বিধ্বস্ত কারাকাস; ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মী। ছবি: এএফপি

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া সতর্কতা হিসেবে বেশ কিছু ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
কারাকাসে শক্তিশালী ভূমিকম্পের পর উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়া একটি গাড়ি। ছবি: এএফপি

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, ভূমিকম্পের ফলে রাজধানীতে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা পর্যন্ত অনুভূত হয়েছে। সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠলে বাসিন্দারা ভবন ছেড়ে বেরিয়ে আসেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
কারাকাসে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি



তবে কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ইউএনজিআরডি) এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
কারাকাসে শক্তিশালী ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন রাস্তায় বেরিয়ে আসে। ছবি: এএফপি

মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার থেকেও এক্স-পোস্টে নিশ্চিত করা হয়েছে যে, সাম্প্রতিক ভূমিকম্প থেকে সুনামির কোনো বিপদ নেই।

ভেনেজুয়েলায় ভূমিকম্প
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মী ও পৌর পুলিশ সদস্যদের উদ্ধার অভিযান। ছবি: এএফপি

ভূমিকম্পপ্রবণ ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে ১৯৯৭ সালে উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে ৭৩ জন এবং ১৯৬৭ সালে কারাকাসে ভূমিকম্পে ২৩৬ জন নিহত হয়েছিলেন।