ইরানের হামলায় মার্কিন হেলিকপ্টার ভূপাতিত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের

স্টার অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালির কাছে সোমবার মার্কিন হেলিকপ্টারটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার জানিয়েছে, এক বিবৃতিতে এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকারও করেছেন ট্রাম্প।

এ বিবৃতির কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত রাতে ইরানিরা হরমুজ প্রণালির ওপর টহলরত আমাদের অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ভূপাতিত করেছে।’

‘হেলিকপ্টারের ক্রুরা অক্ষত থাকলেও এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই অপরিহার্য,’ বলেন ট্রাম্প।

 

ট্রাম্পের ওই পোস্টের পর এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিদেশি বাহিনীকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকা ত্যাগ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, সেখানে অবস্থান করলে গোলাগুলির মধ্যে পড়ে যাওয়ার স্থায়ী ঝুঁকি রয়েছে।

ওই পোস্টে আরাঘচি বলেন, ‘হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলসীমা নয়। এটি ইরান ও ওমানের মধ্যে ভাগাভাগি করা এলাকা। আমাদের ভূখণ্ডের নিকটে অবস্থানরত বিদেশি বাহিনী নিজেদের ভুল, দুর্ঘটনা কিংবা সম্ভাব্য গোলাগুলির মধ্যে পড়ে যাওয়ার মতো ঝুঁকির মধ্যে সবসময় থাকে।’

তিনি আরও বলেন, ‘এ ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায় হলো তাদের চলে যাওয়া। আমরা কূটনীতির ভাষা পছন্দ করি, তবে অন্য ভাষাও বলতে জানি।’

 

 

এই অ্যাপাচি হেলিকপ্টারটি মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের হাতে ভূপাতিত হওয়া ক্রুসহ দ্বিতীয় মার্কিন সামরিক বিমান, যা ওয়াশিংটন নিশ্চিত করেছে। এর আগে গত এপ্রিলে ইরানের হামলায় একটি এফ-১৫ যুদ্ধবিমান হারানোর কথাও স্বীকার করেছিল যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের আহ্বানে গত সোমবার পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল ও ইরান। এতে মনে করা হচ্ছিল, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে।

এরপর ওই দিনই হেলিকপ্টার ভূপাতিতের ঘটনা ও ট্রাম্পের দেওয়া এই হুঁশিয়ারি গত ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতিকে কার্যত হুমকির মুখে ফেলে দিয়েছে। এর আগে দুই দেশই যুদ্ধ বন্ধে আলোচনা চালিয়ে যাচ্ছিল।