সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করল বিজয়ের দল টিভিকে, অপেক্ষা সরকার গঠনের

স্টার অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যে ইতিহাস গড়ে সরকার গঠন করতে যাচ্ছে রুপালি পর্দার জনপ্রিয় নায়ক সি জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) নতুন দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।

বামপন্থি দল সিপিআই ও সিপিআই (এম)-এর পর টিভিকে জোটকে সমর্থন জানিয়েছে দুই আসন পাওয়া ভিডুথালাই চিরুথাইগাল কাচিও (ভিসিকে)।

এর পাশাপাশি ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগও (আইইউএমএল) নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে।

এতে এ রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের বেশি নিশ্চিত করল টিভিকে জোট। এবার অপেক্ষা সরকার গঠনের ডাকের।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আজ শুক্রবার দ্য হিন্দু এসব তথ্য জানিয়েছে।

টিভিকে নেতৃত্বাধীন সরকার গঠন হতে যাচ্ছে বলে ভিসিকের এক শীর্ষ নেতা দ্য হিন্দুকে জানিয়েছেন। বিধানসভায় ভিসিকের দুটি আসন রয়েছে।

টিভিকে নেতা আধভ অর্জুনা বলেন, 'ভিসিকে ইতোমধ্যে সমর্থনের চিঠি হস্তান্তর করেছে এবং এর ফলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়।'

দ্য হিন্দু বলছে, সবশেষ তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত নির্বাচনে ১০৮ আসন পাওয়া টিভিকে-কে সমর্থন দিয়েছে ৫ আসন পাওয়া কংগ্রেস, ২ আসন পাওয়া সিপিআই, ২ আসন পাওয়া সিপিআই (এম), ২ আসন পাওয়া ভিসিকে ও ২ আসন পাওয়া আইইউএমএল।

এর মাধ্যমে ১২১ আসন নিয়ে টিভিকে জোট এ রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।

ভিসিকে আগেই জানিয়েছিল যে বাম দলগুলোর সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই তারা এগোবে।

এদিকে তামিলনাড়ু রাজ্য বিজেপির সভাপতি নাঈনার নাগেন্দ্রন জানিয়েছেন, কোনো জোটকেই তারা সমর্থন দিচ্ছে না।

তবে, দুই বামপন্থী দল টিভিকে-কে সমর্থন দেওয়ার পরই ডিএমকে সভাপতি ও তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নতুন সরকার গঠনের জন্য রাজ্য গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের কঠিন পরীক্ষা বিজয়ের এই অভাবনীয় জয়ে তার হাজারো ভক্ত উন্মাদনায় ভাসছেন। কেউ কেউ তার মুখের ছবি বুকে ট্যাটু করে উল্লাস করছেন।

কিন্তু জনগণের এই আবেগের উল্টোদিকে যে গাণিতিক ও বাস্তবতার কঠিন হিসাব, তা বিজয়ের কাছে একদমই নতুন। তিনি আগে কখনো সরকারি বা প্রশাসনিক পদে ছিলেন না। আর তামিলনাড়ুর মতো ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির একটি রাজ্য চালানো এমন সহজ কাজ নয়, যা করতে করতে শেখা যাবে।

শুধু তাই নয়, তার নতুন সরকার এমন একটি রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে যার ঘাড়ে বিপুল ঋণের বোঝা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দশ বছরে তামিলনাড়ুর ঋণ ২ দশমিক ৮ লাখ কোটি রুপি থেকে বেড়ে ১০ দশমিক ৬ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

টিভিকে তাদের ইশতেহারে তামিলনাড়ুর অর্থনৈতিক স্বনির্ভরতা আনার প্রতিশ্রুতি দিয়েছে। রুপালি পর্দার নায়ক থেকে বাস্তবের জননেতা হওয়ার পথে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিজয়কে প্রমাণ করতে হবে তিনি আসলে কেমন নেতা হতে যাচ্ছেন।