নৈশভোজে গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শনিবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।
সন্দেহভাজন বন্দুকধারীকে ‘বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার মতে, সে একাই এই কাজ করেছে।’
তিনি আরও যোগ করেন, এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র আছে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই।
এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক ব্যক্তি এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন।
এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তড়িঘড়ি করে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তিনি সংবাদ সম্মেলন আয়োজন করার কথা জানান।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল ‘সম্ভাব্য আততায়ী’। তার কাছে একাধিক অস্ত্র ছিল।
তিনি বলেন, লোকটি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে চলে এসেছিল।
তিনি বলেন, ‘আমাদের একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি বেঁচে গেছেন কারণ তিনি একটা খুব ভালো বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন।’
ট্রাম্প আরও বলেন, ‘আজ রাতে যা কিছু হয়েছে আমরা তা খতিয়ে দেখেছি। আমি বলব, এই ভবন খুব একটা নিরাপদ নয়।’
প্রেসিডেন্ট আরও জানান, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি দেওয়া হবে এবং তা হবে আগের চেয়ে আরও আকর্ষণীয়।
এ ছাড়া পরিস্থিতির খবর প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যম যে অত্যন্ত ‘দায়িত্বশীল’ ভূমিকা পালন করেছে, সেজন্য তিনি সাংবাদিকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ঘটনাটি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য একটি অত্যন্ত ট্রমাটিক অভিজ্ঞতা ছিল।
প্রেসিডেন্ট জানান, শুরুতে তিনি অনুষ্ঠান ছেড়ে যেতে চাননি। তিনি বলেন, আমি থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম।
কিন্তু হামলাকারী একাই ছিল কি না, তা স্পষ্ট না হওয়ায়, নিরাপত্তাবিধি (প্রোটোকল) অনুযায়ী তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল।