ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা
ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হুতি নেতা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সব ধরনের বিকল্প নিয়ে সম্পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছি।’
তিনি জানান, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়টি নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিস্থিতির উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওই নেতা বলেন, ‘উপযুক্ত সময় কখন হবে, তা আমরা বুঝতে পারব। শূন্য মুহূর্ত নির্ধারণসহ সব সিদ্ধান্ত নেতৃত্ব নেবে।’
তিনি আরও দাবি করেন, ‘এখন পর্যন্ত ইরান ভালো অবস্থানে রয়েছে এবং প্রতিদিন শত্রুকে পিছিয়ে দিচ্ছে। যুদ্ধ তাদের দিকেই এগোচ্ছে।’
তবে পরিস্থিতি বদলে গেলে হুতিরা তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করবে বলেও ইঙ্গিত দেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হুতিরা এই সংঘাতে সরাসরি যুক্ত হলে নতুন একটি ফ্রন্ট খুলে যেতে পারে। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে বাব আল-মান্দেব প্রণালি, যা সুয়েজ খালের দিকে সমুদ্রপথ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ করে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়লে এই নৌপথের কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যেতে পারে।