কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩৪

স্টার অনলাইন ডেস্ক

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ১২৫ আরোহী নিয়ে একটি সামরিক উড়োজাহাজ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, পেরু ও ইকুয়েডর সীমান্তঘেঁষা আমাজনীয় প্রদেশ পুতুমায়োর এক দুর্গম জনপদ পুয়ের্তো লেগুইজামোতে এই ‘মর্মান্তিক দুর্ঘটনা’ ঘটে।

পুতুমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা স্থানীয় সংবাদমাধ্যম কারাকোল নতিসিয়াসকে জানিয়েছেন, দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন এবং এখনো ২১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশটির বিমানবাহিনী জানিয়েছে, লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের উড়োজাহাজটি পুতুমায়ো প্রদেশের অন্য একটি শহরে সেনা সদস্যদের পরিবহন করছিল।

সানচেজ জানান, উড্ডয়নস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে উড়োজাহাজটি আছড়ে পড়ে। তিনি আরও জানান, উড়োজাহাজে আগুন ধরে যাওয়ার ফলে সেখানে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়।

এই ঘটনায় কোনো ‘অবৈধ গোষ্ঠীর হামলার’ আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করেন সানচেজ।

কলম্বিয়ার বিমানবাহিনী প্রধান কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের রাজধানী বোগোতাসহ অন্যান্য হাসপাতালে স্থানান্তরের জন্য ৭৪টি শয্যা সংবলিত দুটি বিশেষ উড়োজাহাজ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ষাটের দশকের শেষভাগে কলম্বিয়া তাদের বিমানবাহিনীতে প্রথমবারের মতো হারকিউলিস সি-১৩০ যুক্ত করে। দেশটি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আনা নতুন মডেলের উড়োজাহাজ দিয়ে তাদের পুরোনো কিছু সি-১৩০ মডেলের আধুনিকায়ন করেছে।

গত মাসে বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ উড়োজাহাজ এল আল্টো শহরে বিধ্বস্ত হয়। অল্পের জন্য উড়োজাহাজটি আবাসিক ভবনের ওপর পড়েনি।

ওই দুর্ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ৩০ জন আহত হন।