ইরানে দুই সপ্তাহে ১৫ হাজারের বেশি হামলা হয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

আজ শুক্রবার ভার্জিনিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

এ নিয়ে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন প্রকাশ করেছে।

হেগসেথ বলেন, ‘আমাদের বিমান বাহিনী ও ইসরায়েলের বিমান বাহিনী মিলে শত্রুপক্ষের ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন এক হাজারের বেশি হামলা হয়েছে।’

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে থাকব। আজ তেহরানের আকাশে সবচেয়ে বেশি সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র।’

হেগসেথ আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনাকে ধ্বংস ও অকার্যকর করে দেওয়া আমাদের লক্ষ্য।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত বলেও দাবি করেন পিট হেগসেথ।