ভুলবশত তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: ইউএস সেন্ট্রাল কমান্ড
কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
সোমবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরির সহায়তায় উড়াল দেওয়া তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল কুয়েতের আকাশে একটি স্পষ্টতই ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ভূপাতিত হয়।’
সেন্টকমের দাবি, ঘটনাটি এমন এক সময়ে ঘটে, যখন ওই এলাকায় সক্রিয় লড়াই চলছিল। ইরানের বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত ছিল। এর মধ্যেই মার্কিন বিমান বাহিনীর এসব যুদ্ধবিমান ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়।
সেন্টকম আরও জানায়, ছয়জন ক্রু সদস্যই প্যারাশুটের মাধ্যমে বের হয়ে নিরাপদে আছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েত এই ঘটনাটি স্বীকার করেছে এবং চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।’
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আজ সোমবার সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে থাকা সমস্ত আরোহী বেঁচে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।