কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে আজ বৃহস্পতিবার প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
আইআরজিসি জানায়, কুয়েতের আরিফজান ও আলী আল-সালেম এবং বাহরাইনের জুফাইর ও শেখ ঈসায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতেও পাল্টা হামলা করা হবে।