স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ক্লিনটনের রেকর্ড ভাঙলেন ট্রাম্প
আধুনিক যুগে দীর্ঘতম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার রেকর্ড এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলে। তিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের রেকর্ড ভাঙলেন।
ফক্স নিউজের খবরে এমনটি বলা হয়েছে।
স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ। এতে তিনি কংগ্রেস ও জনগণকে জানান—দেশের অবস্থা কী, গত বছরে কী কাজ হয়েছে এবং সামনে কী পরিকল্পনা আছে।
২০০০ সালের ২৭ জানুয়ারি বিল ক্লিনটনের দেওয়া ভাষণটি ছিল ১ ঘণ্টা ২৮ মিনিট ৪৯ সেকেন্ড দীর্ঘ। কিন্তু গতকাল স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে ট্রাম্প এই রেকর্ড ভাঙেন। তিনি প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট ধরে ভাষণ দেন।
আগেই ট্রাম্প আভাস দিয়ে বলেছিলেন, এটি একটি দীর্ঘ ভাষণ হতে যাচ্ছে, কারণ আমাদের অনেক কিছু বলার আছে।
মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের হাউস চেম্বার থেকে তার এই ভাষণ দেন। এতে তিনি নিজের অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। নিজের মেয়াদের এক উত্তাল সময়ে সাফল্যের ভাবমূর্তি বজায় রাখার চেষ্টায় দাবি করেন, তিনি এক 'সুবর্ণ যুগের' সূচনা করেছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমশ ঘনীভূত হলেও ট্রাম্প তেহরান নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেননি। তিনি শুধু বলেন, 'আমার পছন্দ হলো কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা।'
ভাষণের এক পর্যায়ে ট্রাম্প মিনেসোটার সোমালি আমেরিকানদের 'জলদস্যু' বলে আখ্যায়িত করেন। এ ছাড়া তিনি অপরাধ বৃদ্ধি এবং আমেরিকানদের ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যয়ের জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করেন।