মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি
আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো ফরাসি দ’সল্ট রাফাল জেট বিমান। তবে গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধে প্রথমবারের মতো ভূপাতিত হয় ভারতীয় বিমানবাহিনীর রাফাল। পাকিস্তানের কাছে থাকা চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমানের হাতে পরাস্ত হতে হয় ফ্রান্সের গৌরব ‘রাফালকে’।
তবে ওই ঘটনার পরও রাফালে ভরসা হারায়নি নয়াদিল্লি। জানা গেছে, আরও শতাধিক রাফাল জেট কিনতে যাচ্ছেন মোদি।
আজ মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিন ব্যাপী এআই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন মাখোঁ।
দুই নেতার বৈঠকে বিলিয়ন ডলারের যুদ্ধবিমান কেনার চুক্তি হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আলোচনায় থাকবে ১১৪টি বাড়তি রাফাল জেট কেনার চুক্তি। এই চুক্তির মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা চালাবে প্যারিস।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাখোঁকে ‘মাই ডিয়ার ফ্রেন্ড’ আখ্যা দিয়ে মোদি বলেন, তিনি দুই দেশের ‘দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চান।
আজ মঙ্গলবার বিকেলে দুই নেতার বৈঠক হবে।
২০১৭ সালে ক্ষমতাগ্রহণের পর এটা ফরাসি নেতার চতুর্থ ভারত সফর।
তিনিও এক্সে পোস্ট করে মোদিকে ‘ডিয়ার ফ্রেন্ড’ আখ্যা দেন। মাখোঁ বলেন, দুই দেশের সম্পর্ক ‘আরও গভীর’ হবে।
গত সপ্তাহে নয়াদিল্লি নিশ্চিত করে, তারা রাফাল জেটের একটি বড় অর্ডার দিতে যাচ্ছে।
এর আগে জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি সই করে নয়াদিল্লি। বিশ্লেষকরা একে মাইলফলক চুক্তি হিসেবে অভিহিত করেন।
আজ মোদির সঙ্গে বৈঠকের আগে শাবানা আজমি ও মনোজ বাজপাঈসহ কয়েকজন বলিউড তারকার সঙ্গে দেখা করেন মাখোঁ ও তার স্ত্রী। পাশাপাশি, ২০০৮ সালের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

বুধবার ও বৃহস্পতিবার এআই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি থাকবেন মাখোঁ।
গত এক দশক ধরে সামরিক উপকরণের উৎস হিসেবে রাশিয়ার বিকল্প খুঁজছে ভারত। সে উদ্যোগের অংশ হিসেবে ফ্রান্স থেকে রাফাল জেট কেনা হয়।
গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, রাফাল জেট কেনার প্রস্তাব ‘অনুমোদন’ পেয়েছে। জেটগুলোর বেশিরভাগই ভারতে নির্মাণ করা হবে।
১১৪টি রাফাল জেটের দাম ধরা হয়েছে ৩০ বিলিয়ন ইউরো (৩৫ বিলিয়ন মার্কিন ডলার)।
প্যারিসভিত্তিক সংগঠন সায়েন্সেস প্রো সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর ভারত বিশেষজ্ঞ ক্রিস্টোফ জ্যাফ্রেলট এই চুক্তিকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ আখ্যা দেন।
ইতোমধ্যে প্যারিসের কাছ থেকে ৬২টি রাফাল জেট কিনেছে ভারত। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী জেট কেনা হলে ভারতের বিমানবহরে মোট ১৭৪টি রাফাল জেট থাকবে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলা হয়েছে।
গত এক দশকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রতিরক্ষা অংশীদারদের অন্যতম ফ্রান্স।

মোদি-মাখোঁ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া অস্থিরতা নিয়ে আলোচনা হতে পারে বলে জানান গেছে। পাশাপাশি, এ অঞ্চলে চীনের প্রভাবও থাকবে আলোচনায়।


