ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১১০

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১০ জন।

আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১০৭ জন মারা গেছেন।

আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, ময়মনসিংহ বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

এর আগে, গতকাল মঙ্গলবারও ডেঙ্গুতে ৫ জন মারা যাওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৩২৪ জন।

এছাড়া, সোমবার ১ হাজার ১৬৩ জন, রোববার ১ হাজার ৯৭ জন ও শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।