দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টার অনলাইন ডেস্ক

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আজ সকাল ৯টা থেকে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামীকালও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।

এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।