কালবৈশাখী নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের বিভিন্ন স্থানে বুধবারও কালবৈশাখী ঝড়ের দেখা মিলবে।
মঙ্গলবার রাতে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেটসহ উত্তর বঙ্গোপসাগরে অস্থায়ী দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় হচ্ছে।
‘৯ তারিখের পর বৃষ্টি কমে যাবে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে,’ যোগ করেন আবহাওয়াবিদ আবুল কালাম।
তাপমাত্রা বাড়তে থাকার এক পর্যায়ে চলতি এপ্রিলে দুই থেকে তিনটি তাপপ্রবাহ হওয়ার পূর্বাভাস রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।
আবুল কালাম বলেন, ‘পরিমাপকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত তাপমাত্রা ২ থেকে ৪ এবং কোথাও কোথাও ২ থেকে ৬ ডিগ্রি বেশি হতে পারে।’
চলতি মাসে তাপপ্রবাহের মাঝেই বজ্রঝড়ের প্রবণতা দেখা যেতে পারে। সব মিলিয়ে গরমের অনুভূতির তীব্রতা থাকবে বলে জানান তিনি।
কালবৈশাখী ঝড়ের সময় মৃত্যুঝুঁকি এড়াতে অধিদপ্তরের সতর্কতা মেনে জনসাধারণকে বাসায় অবস্থানের অনুরোধ জানান এ আবহাওয়াবিদ।