উত্তরাঞ্চলে বছরের প্রথম ভারী বৃষ্টি, ১৭ মার্চ পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টা পর্যন্ত রংপুরে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৯টার মধ্যে আরও ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে মধ্যরাতের পর থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। সেখানে সকাল ৯টা পর্যন্ত মোট ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রংপুরের আবহাওয়া কার্যালয় সৈয়দপুরে ২০ মিলিমিটার, লালমনিরহাটে ১৯ মিলিমিটার, ঠাকুরগাঁওয়ে ১৫ মিলিমিটার এবং গাইবান্ধায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এ ছাড়া বগুড়া, রাজশাহীসহ উত্তরের অন্যান্য জেলার স্থানীয় আবহাওয়া অফিসগুলো বজ্রসহ হালকা বৃষ্টির খবর জানিয়েছে।

হঠাৎ ভারী বৃষ্টি কৃষকদের উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। এখন আলু তোলার ভরা মৌসুম চলছে। জয়পুরহাট, বগুড়া এবং গাইবান্ধার কিছু এলাকায় আলুর খেতে বৃষ্টির পানি জমে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের কৃষক মো. নাঈম ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গভীর রাতে হঠাৎ বজ্রপাত, ঝড় ও বৃষ্টি শুরু হয়। আমার দেড় একর জমির আলু খেতে স্তূপ করে রাখা ছিল। ভোরে মাঠে ছুটে গিয়ে আলুর স্তূপের চারপাশে মাটির বাঁধ দিয়েছি। অনেকের খেতেই এখন পানি জমে আছে।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রংপুর ও কুড়িগ্রামে আজ বছরের প্রথম ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়ার উন্নতি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এটি কালবৈশাখীর মৌসুম। এ সময় সারা দেশে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা।’