ব্রহ্মপুত্রপাড়ে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

আজ রোববার দুপুরে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ময়ূরটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টা খেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। কৌতূহলবশত কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টা খেতে থাকা জালে আটকা পড়ে আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটি উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন।

এ বিষয়ে প্রশাসন জানতে পারলে আজ সকালে ময়ূরটি উদ্ধার করে নিয়ে যায়।

উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, 'ময়ূরটির বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়ূরটি এখন শঙ্কামুক্ত।'

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, 'বিরল প্রজাতির ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও সুরক্ষিত সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।' এ ধরনের প্রাণী দেখলে প্রশাসন বা বন বিভাগকে অবহিত করার আহ্বান জানান তিনি।