তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

স্টার অনলাইন রিপোর্ট

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে জনগণের কাছে তথ্য চেয়েছে সরকার। তাদের ব্যাপারে তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছে। বিদেশে তেলের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় দেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ী আমদানিকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে তা অতিরিক্ত মূল্যে বিক্রি করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সরকার জানিয়েছে, মাঠ প্রশাসন ইতিমধ্যে এ ধরনের একাধিক অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে এই অসাধু প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার উচ্চমূল্যে আমদানিকৃত জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এই আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মজুতের বিষয়ে সঠিক তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তথ্য দিতে পারবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করবেন।