দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই: তথ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই।

সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালি হয়ে আসায় বৈশ্বিক পরিস্থিতি এখন অস্থিতিশীল। 

বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটাতে দেশকে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, আগের সরকারের আমলে দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত মূলত আমদানিনির্ভর হয়ে পড়েছে।

তবে বৈদেশিক মুদ্রার চাহিদা এখন তুলনামূলক কম রয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে খাতটি পরিচালনা করছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘এখন পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং খাতটিকে একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনা হয়েছে।’

‘এই মুহূর্তে দেশে কোনো জ্বালানি সংকট নেই’ উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের জ্বালানির দামে এখনো বেশ পার্থক্য রয়েছে।

আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। 

সবাইকে দায়িত্বশীল হওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি পরিকল্পিত কৌশল অনুযায়ী এগোতে পারি, তবে কোনো সংকটই আমাদের প্রভাবিত করতে পারবে না।’