জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতার প্রেক্ষাপটে দেশে জেট ফুয়েলের দাম বেড়েছে লিটারে প্রায় ৯০ টাকা।
দাম বেড়ে জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটেরর জন্য প্রতি লিটার ২০২ টাকা ২৯ পয়সা ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩২ ডলার নির্ধারণ হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ৫ থেকে ২২ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারদরের গড় মূল্য বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে নতুন দামে জ্বালানি নিতে হবে।
এর আগে, গত ১৮ মার্চ বিইআরসি হঠাৎ করে জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার দাম ১১২ দশমিক ৪১ টাকা থেকে বাড়িয়ে ১৯৪ দশমিক ১৮ টাকা ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ২৬ ডলার নির্ধারণ করা হয়েছিল।
তবে জরুরি পর্যালোচনার পর কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।
বিইআরসি জানায়, ২০০৩ সালের আইনের অধীনে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের মে মাসে চালু করা মূল্য নির্ধারণ কাঠামোর আওতায় আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মূল্য সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
আজ মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।