কবিতার ‘বনলতা সেন’ সিনেমায় কেমন হবে

স্টার অনলাইন রিপোর্ট

বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত কবিতা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের এই কালজয়ী কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৫ সালের ডিসেম্বরে, বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায়। পরে ১৯৪২ সালে এটি কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ পায়। দীর্ঘদিন ধরে পাঠকের কল্পনায় বেঁচে থাকা সেই ‘বনলতা সেন’ এবার আসছে বড় পর্দায়।

২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’ আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

বাস্তবতা ও রূপকের মিশেলে নির্মিত এই সিনেমায় ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খাইরুল বাশারকে।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজসহ আরও অনেকে।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম টিজার। ৫৪ সেকেন্ডের সেই ঝলকে রহস্যময় আবহ তৈরি করেছেন নির্মাতা। টিজারে লাল শাড়ি পরা এক নারীকে দেখা যায়—তিনি কি সেই বনলতা সেন, যার কাছে দু’দণ্ড শান্তি পেয়েছিলেন কবি? একই সঙ্গে দেখা মেলে এক নিরন্তর পথচলার। হাজার বছর ধরে হেঁটে চলা মানুষটির উপস্থিতি যেন মনে করিয়ে দেয় কবিতার সেই বিখ্যাত পঙক্তির আবহ।

টিজারে আরও কিছু রহস্যময় দৃশ্য দর্শকের কৌতূহল বাড়িয়েছে। বিশেষ করে পেছনে থাকা এক অচেনা মানুষের উপস্থিতি নতুন প্রশ্ন তৈরি করেছে। কবিতা, স্মৃতি, নিঃসঙ্গতা ও কল্পনার মিশেলে নির্মাতা কীভাবে জীবনানন্দের জগতকে পর্দায় তুলে ধরেন, সেটিই এখন দেখার অপেক্ষা।