ঈদে ১০ সিনেমার ঘোষণা, শেষ পর্যন্ত কয়টি আসবে প্রেক্ষাগৃহে?
কোরবানির ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব। প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে জমে উঠেছে ঢাকাই সিনেমার বাজার। একের পর এক সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার আর গান প্রকাশ হচ্ছে। কেউ দিচ্ছেন অ্যাকশনের ঝলক, কেউ আনছেন প্রেম কিংবা ভিন্নধর্মী গল্প।
এবার ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ১০টি সিনেমা—রকস্টার, রইদ, মালিক, বনলতা সেন, মাসুদ রানা, নাকফুলের কাব্য, পিনিক, তছনছ, অফিসার এবং দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল।
তবে প্রশ্ন একটাই—ঘোষণার পর শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে আসতে পারবে? কারণ এর আগে অনেক সিনেমাই মুক্তির ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। এবারও কয়েকটি সিনেমার জোর প্রচারণা দেখা গেলেও কিছু সিনেমা অনেকটাই নীরব।
রকস্টার
শাকিব খান অভিনীত রকস্টার ঈদের আলোচিত সিনেমাগুলোর একটি। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। ইতোমধ্যে সিনেমাটির ‘পিরিতি’ গান প্রকাশ হয়েছে। পাশাপাশি এসেছে দুটি টিজার। দ্বিতীয় টিজারে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েককে। সিনেমাটির পোস্টার, অ্যানিমেশন টিজার ও অফিসিয়াল টিজারও প্রকাশ হয়েছে। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রকাশিত ঝলকগুলোতে শাকিব খানকে নতুন লুকে দেখা গেছে।
রইদ
মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। হাওয়াখ্যাত এই নির্মাতার নতুন কাজ বলে বাড়তি কৌতূহল রয়েছে সিনেমাটি ঘিরে। ট্রেলারের পাশাপাশি প্রকাশ হয়েছে তিনটি গান—রইদে আইলা গা জুড়াইতে, মন ছাড়া কি এবং রহে না। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন নাজিফা তুশি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় আসে সিনেমাটি। এখন গান প্রকাশ ও বিভিন্ন কনসার্টের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে পুরো টিম।
মালিক
ঈদে মুক্তির তালিকায় রয়েছে মালিক। এতে জুটি হয়েছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। ইতোমধ্যে প্রকাশ হয়েছে দুটি পোস্টার ও অফিসিয়াল ট্রেলার। প্রথম পোস্টারে শুভকে দেখা গেছে অ্যাকশন লুকে। আর দ্বিতীয় পোস্টারে ধরা দিয়েছেন রোমান্টিক আবহে। সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। গল্পে মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই করতে গিয়ে একজনকে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠতে দেখা যাবে।
মাসুদ রানা
সৈকত নাসির পরিচালিত মাসুদ রানা নিয়েও দর্শকদের কৌতূহল রয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও ও সৈয়দা তিথি অমনি। সেবা প্রকাশনীর জনপ্রিয় বইয়ের আদলে প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পরে এসেছে ‘মাসুদ রানা গান রিলোড’ শিরোনামের একটি টিজার। সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।
বনলতা সেন
সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন সিনেমাটিও ঈদে মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাস্তবতা ও রূপকের মিশেলে তৈরি সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে আছেন খাইরুল বাশার। সিনেমাটির টিজার, ট্রেলার এবং ‘এখানে কেউ নেই’ গানটি ইতোমধ্যে প্রকাশ হয়েছে।
নাকফুলের কাব্য
প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাকফুলের কাব্য। এতে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। অনেক আগেই সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। এবার ঈদে মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
পিনিক
পিনিকি সিনেমায় জুটি হয়েছেন শবনম বুবলি ও আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। ইতোমধ্যে দুটি পোস্টার ও ট্রেলার প্রকাশ হয়েছে। এর আগেও কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসেনি।
তছনছ
বদিউল আলম খোকন পরিচালিত তছনছ সিনেমাটিও ঈদের তালিকায় রয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন ববি হক, মুন্না খান, মিশা সওদাগর, দীপা খন্দকারসহ আরও অনেকে। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও একটি গান প্রকাশ হয়েছে।
অফিসার
এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও ডিএ তায়েব। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। ঈদে মুক্তির ঘোষণা দিলেও এখনো সিনেমাটির প্রচারণা খুব বেশি চোখে পড়েনি।
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল
ঈদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সিনেমাটি। আকাশ হক পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা।
এখন দেখার বিষয়, ঘোষণার এই দীর্ঘ তালিকা থেকে শেষ পর্যন্ত কয়টি সিনেমা সত্যিই ঈদের আনন্দ বাড়াতে প্রেক্ষাগৃহে আসে। কারণ ঈদের সিনেমা শুধু বিনোদন নয়, এটি দর্শকদের জন্য আলাদা একটি উৎসব।