বিচ্ছেদের আবেদন স্ত্রীর, সমঝোতার চেষ্টা থালাপতি বিজয়ের
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ২৭ বছরে ধরে তারা একসঙ্গে আছেন।
বলিউড লাইফের তথ্য অনুযায়ী, ২০২১ সালের শুরু থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি এসে সংগীতা বিচ্ছেদ চাইলেও বিজয় চেয়েছিলেন সমঝোতা এবং সম্পর্ক টিকিয়ে রাখতে।
তামিল গণমাধ্যমের সাম্প্রতিক খবরে বলা হচ্ছে, বিজয় পারিবারিক আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করতে চান। এ নিয়ে তিনি সংগীতার সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন বলেও জানা গেছে।
খবরে আরও বলা হয়েছে, সমঝোতার অংশ হিসেবে প্রায় ২৫০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে। এই অর্থ সংগীতা ও তাদের সন্তান জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা পাবেন বলে উল্লেখ করা হয়। তবে অর্থ বণ্টন কীভাবে হবে তা প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, পারস্পরিক সমঝোতা হলে ডিভোর্সের আবেদন প্রত্যাহার করা হতে পারে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই উদ্যোগের মাধ্যমে বিজয় পারিবারিক মর্যাদা ও ব্যক্তিগত বিষয়গুলো জনসমক্ষে টেনে না আনার চেষ্টা করছেন। অভিযোগ ও আইনি লড়াই প্রকাশ্যে না গড়াতেই তিনি আগ্রহী।