‘জীবন নিয়ে আমি তৃপ্ত’
নব্বই দশকের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা আজিজুল হাকিম। সেই সময়ে বিটিভির অসংখ্য সাপ্তাহিক ও ধারাবাহিক নাটকে নাটকে অভিনয় করেছেন। কয়েকটি দর্শকপ্রিয় সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।
অভিনয়ে পথচলা শুরু করেছিলেন আরণ্যক নাট্যদল দিয়ে। দীর্ঘ সময় কাটিয়ে এখনো সক্রিয় তিনি।
আজ ১৫ মে সাড়া জাগানো এই অভিনয়শিল্পীর জন্মদিন। জন্মদিনে দ্য ডেইলি স্টারকে নিজের জীবনের অর্জন নিয়ে সন্তুষ্টির কথা জানান তিনি।
বিশেষ দিনেও নিজেকে ছুটি দেননি আজিজুল হাকিম। আজ ঈদের প্রচারিতব্য একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি।
তিনি বলেন, ‘কাজ করতে ভালো লাগে। কর্মই একজন মানুষের সবকিছু। আমিও কাজের মধ্যে দিয়ে দিনটি পার করছি। তবে, এরই মধ্যে মানুষের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এটাও কম কী?’
জন্মদিনের প্রথম প্রহরে আজিজুল হাকিমকে শুভেচ্ছা জানিয়েছেন তার মেয়ে। এরপর পুত্র ও স্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমার মেয়ে নাযাহ আমাকে এবারের জন্মদিনে প্রথম উইশ করেছে। আমি মুগ্ধ হয়েছি। তারপর পুত্র ও স্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি।’
টেলিভিশন নাটকের প্রবল জনপ্রিয় অভিনেতা আপনি, অসংখ্য মানুষ ভালোবাসে—তাদের ভালোবাসাকে কিভাবে দেখেন? এর জবাবে আজিজুল হাকিম বলেন, ‘এটা তো সৃষ্টিকর্তার আশীর্বাদ। দেখুন, মে মাসে আমার জন্ম, আবার মে মাসে আমার বাবা মারা গেছেন। সেজন্য ঘটা করে কিছু করি না। কিন্তু মানুষের ভালোবাসাকে সম্মান জানাই। অভিনেতা হিসেবে প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন—তার জন্য সবার কাছে চিরকৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘নব্বই দশকে বা আরও কিছু পরে আমার অভিনীত নাটকগুলো নতুন প্রজন্মের দর্শকরা খুঁজে খুঁজে দেখেন। যেখানেই যাই, নতুন প্রজন্মের দর্শকরা সেইসব নাটকের কথা বলেন, প্রশংসা করেন। তখন খুব ভালো লাগে। তৃপ্তি কাজ করে। তাদের মতামত আমাকে আনন্দিত করে।’
একসময় সফল নায়ক ছিলেন, আবার এখন নতুনদের সঙ্গে বাবা কিংবা অন্য কোনো চরিত্রে অভিনয় করছেন। নতুনদের সঙ্গে কাজ করে কেমন লাগছে? তিনি বলেন, ‘নতুনদের সঙ্গে অভিনয় করে খুব ভালো লাগে। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করেও ভালো লাগে। নতুন চিন্তা, নতুন ভাবনা এবং নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন অনেকেই।’
আজিজুল হাকিম বলেন, ‘মেহজাবীনের সঙ্গে কাজ করেছি। ইয়াশ রোহানের সঙ্গে কাজ করেছি। তৌসিফ, তটিনীসহ অনেক নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। সবাই ভীষণ ভালো। সবাই আমাকে খুব সম্মান করেন, ভালোবাসেন। আমিও তাদের খুব পছন্দ করি।’
তিনি বলেন, ‘সম্প্রতি দরদিয়া নামে একটি নাটকে অভিনয় করেছি, যেখানে তৌসিফ ছিলেন। এই কাজটি খুব ভালো হবে বলে আমার মনে হচ্ছে। ঈদে প্রচার হওয়ার কথা। ঈদে আরও বেশ কয়েকটি কাজ প্রচার হবে। কোনো কোনো নাটকে নতুনরাও আছেন।’
দীর্ঘ অভিনয় জীবন নিয়ে কতটা তৃপ্ত আপনি? এই প্রশ্নের জবাবে আজিজুল হাকিম বলেন, ‘শিল্পী জীবন নিয়ে আমি হ্যাপি। শিল্পী জীবন এবং পারিবারিক জীবন নিয়ে খুব হ্যাপি। সুন্দর একটা পরিবার পেয়েছি। সবাইকে নিয়ে ভালো আছি। কাজেই, শিল্পী জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন নিয়ে ভালো আছি।’
তিনি বলেন, ‘দেখুন, অনেক বছর মঞ্চে কাজ করেছি। আমার নাট্যগুরু মামুনুর রশীদ। দায়বদ্ধতা নিয়ে কাজ করে গিয়েছি। আমার উচ্চাকাঙ্ক্ষা নেই। সে জন্য আমি তৃপ্ত। সততার সঙ্গে কাজ করেছি।’
জন্মদিনে চাওয়া কী? আজিজুল হাকিম বলেন, ‘সবার আশীর্বাদ চাই। যেন সুস্থ থাকতে পারি। দর্শকদের প্রতি আমার ভালোবাসা। তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।’



