চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।
বুধবার প্রকাশিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে বন্দরে মোট ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউয়ের তুলনায় ৬ দশমিক ৭৬ শতাংশ বেশি।
একই সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়ে ১৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৩৬ শতাংশ বেশি। এ ছাড়া বন্দরে আসা সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩২৪টিতে, যা এক বছর আগে ছিল চার হাজার ৭৭টি।
বেড়েছে বন্দরের পরিচালনাগত দক্ষতাও। কনটেইনারবাহী একটি জাহাজের গড় অবস্থানকাল আগের অর্থবছরের ২ দশমিক ৫৮ দিন থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ২ দশমিক ৩৮ দিনে নেমে এসেছে।
অর্থবছরটিতে বন্দরের রাজস্ব বেড়ে ছয় হাজার ৬২৯ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল পাঁচ হাজার ৩৬৬ কোটি টাকা। একই সময়ে পরিচালন ব্যয় দুই হাজার ৩৮৮ কোটি টাকা থেকে কমে প্রায় এক হাজার ৯৫১ কোটি টাকায় নেমে আসায় প্রায় ৪৩৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
সিপিএ বলছে, বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং চলমান অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের সুফলের কারণেই এ রেকর্ড গড়া সম্ভব হয়েছে।