মাথাপিছু আয় প্রথমবারের মতো ৩ হাজার ডলার ছাড়াল
দেশের মাথাপিছু জাতীয় আয় প্রথমবারের মতো ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু আয় ৩ হাজার ২০ ডলারে পৌঁছেছে।
আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন এই হিসাব ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত হিসাব ২ হাজার ৭৬৯ ডলার থেকে ২৫১ ডলার বা ৯ দশমিক ১ শতাংশ বেশি।
স্থানীয় মুদ্রার হিসাবে, মাথাপিছু বার্ষিক আয় আগের বছরের ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা হবে বলে প্রাক্কলন করা হয়েছে।
সবশেষ এই তথ্য আসাতে দক্ষিণ এশিয়ার উচ্চ-আয়ের অর্থনীতিগুলোর মধ্যে স্থান করে নিল বাংলাদেশ।
প্রাক্কলিত ৩ হাজার ২০ ডলারে মাথাপিছু আয়ের ফলে ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। দেশ তিনটির সবশেষ মাথাপিছু আয় যথাক্রমে ২ হাজার ৯৪০ ডলার, ১ হাজার ৫৮০ ডলার ও ১ হাজার ৫০০ ডলার।
তবে শ্রীলঙ্কার মাথাপিছু আয় প্রায় ৪ হাজার ২০ ও ভুটানের ৩ হাজার ৭১০ ডলার।
আর প্রায় ১৩ হাজার ৯২০ ডলার মাথাপিছু জাতীয় আয় নিয়ে এ অঞ্চলে শীর্ষস্থান ধরে রেখেছে মালদ্বীপ।
দেশে বসবাসকারীদের উপার্জন, ব্যবসার মাধ্যমে অর্জিত মোট আয় ও বিদেশ থেকে আসা আয় মিলিয়ে জাতীয় মাথাপিছু আয় হিসাব করা হয়।
বিবিএসের নতুন তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু জিডিপি আগের অর্থবছরের ২ হাজার ৬২৫ ডলার থেকে বেড়ে এ অর্থবছরে ২ হাজার ৮৬৬ ডলার হয়েছে।
