চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজের সঙ্গে নোঙর করে থাকা অপর এক খালি জাহাজের সংঘর্ষ হয়েছে।

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাটিতে ৩৫ হাজার ৩৫০ টন সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে জানা গেছে।

আজ রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফায়েত হামিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে আলফা অ্যাংকরেজ এলাকায় নোঙর করার সময় লাইবেরিয়ার পতাকাবাহী এমভি আনাসসা নামের জাহাজটি প্রবল স্রোতের কারণে আগে থেকে নোঙর করে থাকা বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহাব জাহানের সামনের অংশে ধাক্কা দেয়।

তিনি জানান, দুর্ঘটনায় কোনো হতাহত, জাহাজে পানি ঢোকা বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি।

বন্দর কর্মকর্তা জানায়, সংঘর্ষের পরপরই দুটি জাহাজ নিরাপদে আলাদা হয়ে যায় এবং নোঙর করে। বর্তমানে ওই এলাকায় জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, দুই জাহাজের ২১ জন নাবিকই নিরাপদে আছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে দুই জাহাজের কতটা ক্ষতি হয়েছে, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।