ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুতদের সঙ্গে গ্রাহক ফোরামের সংঘর্ষ, আহত অর্ধশত
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুতদের সঙ্গে ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চাকরিচ্যুতরা তাদের পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে জড়ো হন। একই সময়ে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা একে অপরকে ধাওয়া করে।
চাকরিচ্যুত শহিদুল ইসলাম দাবি করেন, হামলায় তাদের ২৫ জন সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলাম। সেখানে আসার প্রায় ২০ মিনিট পর সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা আমাদের ওপর হামলা করেন। পরে পুলিশ এসে আমাদের সেখান থেকে সরিয়ে দেয়।
তিনি আরও জানান, আহত ২০ থেকে ২৫ জন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক দাবি করেন, তাদের প্রায় ৩০ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সময় চাকরিচ্যুতরা ফোরামের সদস্যদের ওপর হামলা চালান। যাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। তারা ব্যাংকে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে জানতে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


