সাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা বরখাস্ত

স্টার অনলাইন রিপোর্ট

ইসলামী ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং আরও ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছিল। অভিযোগকারী সেই ব্যাংক কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

গত সোমবার দুদকে এই অভিযোগ করা হয়েছিল। একদিন পর মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।

শরিয়াহভিত্তিক ব্যাংকটির শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই দুদকে ওই অভিযোগ করেন। একটি কমিটিকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। এর মধ্যেই তাকে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে মোহাম্মদ ইয়াসিন আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার দিক থেকে সাড়া পাওয়া যায়নি।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, ‘ব্যাংকের পক্ষ থেকে সরাসরি দুদকে অভিযোগ করার কোনো নিয়ম নেই। আমরা যদি কোনো মামলা করি, তবে তা আদালতের মাধ্যমেই করি।’