মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১২

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে দুই জনের বাড়ি নেত্রকোণায় ও একজন ময়মনসিংহের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া নয় জনের মধ্যে পাঁচ জনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, দুই জন নেত্রকোণা, একজন জামালপুর ও একজনের বাড়ি শেরপুরে।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪৯৭ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।