৭০ শতাংশ ইউক্রেনীয় মনে করেন রাশিয়াকে প্রতিরোধ করা সম্ভব: জরিপ
কৌতুক অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়েছেন ভলোদিমির জেলেনস্কি। সেসময় তিনি ভোট পেয়েছিলেন ৭০ শতাংশের বেশি।
ইউক্রেনের প্রেসিডেন্ট হলে তিনি কীভাবে দেশ চালাবেন—এমন এক কমেডি সিরিজে অভিনয় করে জেলেনস্কি জনগণের মন জয় করেছিলেন। কিন্তু, ২০১৯ সালে প্রেসিডেন্ট হওয়ার পর গত ২ বছর তার খুব একটা ভালো কাটেনি।
দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত তার বেশি কিছু সিদ্ধান্ত দেশটিতে বিতর্ক সৃষ্টি করেছিল। ধীরে ধীরে কমতে শুরু করেছিল তার প্রতি সাধারণ জনগণের সমর্থন।
কিন্তু, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর থেকে 'রাজনীতিতে অজ্ঞ' এই ব্যক্তি যে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন তা গ্রহণ করেছে দেশটির জনগণ।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি জনসমর্থন গত ডিসেম্বরের তুলনায় ৩ গুণ বেড়েছে।
জরিপ সংস্থা রেটিং সোসিওলজিক্যাল'র সাম্প্রতিক জরিপে দেখা গেছে জরিপে অংশ নেওয়া ২ হাজার মানুষের ৯১ শতাংশ জেলেনস্কিকে সমর্থন দিয়েছেন। তার বিরোধিতা করেছেন মাত্র ৬ শতাংশ।
এ ছাড়া, জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ মনে করেন ইউক্রেনে রুশ আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর কয়েকদিন আগে থেকে এখন পর্যন্ত দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের সমর্থন বেড়েছে বলেও জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।