সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন আলোচনা

স্টার অনলাইন ডেস্ক

বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে সোমবারের আলোচনা শেষ হয়েছে। তবে এ আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি।

সিদ্ধান্তের জন্য দুই পক্ষ পরামর্শ করতে তাদের নিজ রাজধানীতে ফিরে যাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াকের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

সোমবারের আলোচনা শেষে পোডোলিয়াক সাংবাদিকদের বলেন, 'ইউক্রেনীয় ও রুশ প্রতিনিধি দল প্রথম দফা আলোচনায় বসেছিল। আলোচনার মূল বিষয় ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেন ভূখণ্ডে যুদ্ধের সমাপ্তি।'

'যে সব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তারা সেগুলো নির্ধারণ করেছেন। সিদ্ধান্তগুলো রোডম্যাপ হিসেবে বাস্তবায়িত হবে,' বলেন তিনি।

'আলোচনা শেষে প্রতিনিধিরা তাদের নিজ নিজ রাজধানীতে ফিরে যাচ্ছেন। সেখানে তারা পরামর্শ করবেন,' যোগ করেন তিনি।

'আরেক দফা আলোচনায় সিদ্ধান্ত আসতে পারে,' বলেন তিনি।

ইউক্রেন সংকটের অবসানের লক্ষ্যে সোমবার দুপুরে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বেলারুশের সীমান্ত এলাকা গোমেলে আলোচনায় বসেন।

দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে প্রায় ৫ ঘণ্টা আলোচনা হয়।

ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বলে বার্তাসংস্থা এপি জানিয়েছে।

তিনি জানান, দুই পক্ষ কিছু নির্দিষ্ট পয়েন্ট খুঁজে পেয়েছে যার ভিত্তিতে উভয় পক্ষের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে।

দুই পক্ষই আরেক দফা আলোচনায় সম্মত হয়েছে বলে জানান তিনি।

কিয়েভের প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ, ক্ষমতাসীন সার্ভেন্ট অফ দ্য পিপল গ্রুপের প্রধান ডেভিড আরাখামিয়া এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই তোচিটস্কিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।