রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অ্যাপল, গুগলসহ পশ্চিমা করপোরেট জায়ান্টরা

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে তিরস্কার ও প্রত্যাখ্যান করেছে অ্যাপল, গুগল, ফোর্ড, হার্লে-ডেভিডসন এবং এক্সন মবিলসহ আমেরিকার বেশ কিছু বিখ্যাত কোম্পানি।

আজ বুধবার রয়টার্স জানায়, রাশিয়ায় আইফোন ও অন্যান্য পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল ইনকরপোরেটেড। গতকাল এক ঘোষণায় অ্যাপল জানায়, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অ্যাপলের ম্যাপস অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।

অ্যালফাবেট ইনকরপোরেটেডের গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সংবাদ থেকে রাশিয়ান রাষ্ট্রীয় প্রকাশকদের বাদ দিয়েছে।

ফোর্ড মোটর রাশিয়ায় তাদের ৩টি যৌথ অংশীদারিত্বের কারখানাসহ রাশিয়ান উত্পাদন অংশীদারকে বলেছে যে, রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মোটরসাইকেল নির্মাতা হার্লে-ডেভিডসন ইনকরপোরেটেড রাশিয়ায় তাদের বাইকের চালান স্থগিত করেছে।

এক্সন মবিল করপোরেশন রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করবে বলে জানিয়েছে এবং রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী ব্রিটিশ এনার্জি জায়ান্ট শেল পিএলসি ও বিপিকে অনুসরণ করে ব্যবস্থা নিতে যাচ্ছে।

অনেক করপোরেশন প্রকাশ্যে রাশিয়ার প্রতি নিন্দা জ্ঞাপন করেছে।

বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রস্ততকারক প্রতিষ্ঠান বোয়িং রাশিয়ান এয়ারলাইন্সের জন্য যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা পরিষেবা স্থগিত করেছে।

একজন পলিটিকো রিপোর্টার টুইটবার্তায় বলেছেন, 'মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং মস্কোতে তাদের অধিকাংশ কার্যক্রম স্থগিত করেছে এবং কিয়েভে তাদের অফিস সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।'

তবে বোয়িং কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

মাইক্রোসফট আগে বলেছিল যে, এটি রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া আউটলেট আরটি'র মোবাইল অ্যাপগুলোকে তার উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেবে এবং রাশিয়ান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক মিডিয়ার বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করবে।

গুগল আরটি ও অন্যান্য রাশিয়ান চ্যানেলগুলোকে তাদের ওয়েবসাইট, অ্যাপস এবং ইউটিউব ভিডিও থেকে বিজ্ঞাপন বাবদ আয় উত্তোলনে বাধা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও একই ধরনের ব্যবস্থা নিয়েছে।

এদিকে, রাশিয়ার অনলাইন ক্রেতারা নাইকির ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে কোনো পণ্য অর্ডার দিতে পারছেন না।

গতকাল নাইকির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ায় এখন পণ্য ডেলিভারি নিশ্চিত করা যাবে না। এর পরিবর্তে তারা গ্রাহকদের নিকটস্থ খুচরা দোকানে যাওয়ার পরামর্শ দিয়েছে।

এ ছাড়াও, বিশ্বের ৩টি বৃহত্তম কন্টেইনার লাইন গতকাল রাশিয়ায় এবং সেখান থেকে অন্যত্র যেকোনো পণ্যবাহী চালান সাময়িকভাবে স্থগিত করেছে।