রাশিয়ায় ফেসবুক, বিবিসি ও ডয়েচে ভেলে আংশিক বন্ধের অভিযোগ

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, সংবাদমাধ্যম বিবিসি, ডয়েচে ভেলে, রেডিও ফ্রি ইউরোপ-রেডিও লিবার্টি ও মেডুজা এবং এনজিও গ্লোবালচেক'র ওয়েবসাইট আংশিক বন্ধ থাকার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ হামলা তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে বিরোধী মত প্রকাশে বাধার অংশ হিসেবে বেশ কয়েকটি ওয়েবসাইট আংশিকভাবে বন্ধ রয়েছে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিবিসি (রুশ ভাষা), ডয়েচে ভেলে, রেডিও ফ্রি ইউরোপ-রেডিও লিবার্টি ও মেডুজা এবং এনজিও গ্লোবালচেক'র ওয়েবসাইটে ঢুকতে পারছেন না।

প্রতিবেদন মতে, রাশিয়ার বাল্টিক প্রতিবেশী লাতভিয়াভিত্তিক সংবাদমাধ্যম মেদুজা জানিয়েছে, রাশিয়ার 'বেশ কয়েকজন' তাদের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। তবে তাদের সাইট বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে রুশ কর্তৃপক্ষ সংবাদমাধ্যমটিকে কিছু বলেনি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ'র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ বিবিসির (রুশ ভাষা) কার্যক্রম সীমিত করে দিয়েছে।

মস্কো টাইমস'র প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি রুশ প্রসিকিউটর জেনারেল এখো মস্কভি রেডিও ও দোঝদ টেলিভিশন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

রাশিয়ার সরকারি ভাষ্য অনুযায়ী ইউক্রেনে চলমান যুদ্ধের সংবাদ পরিবেশন করতে অস্বীকার করায় এই সংবাদমাধ্যম ২টি বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ সশস্ত্র বাহিনী নিয়ে 'ভুয়া সংবাদ' পরিবেশন করা হলে দোষীকে ১৫ বছর পর্যন্ত জেল দেওয়া সংক্রান্ত আইনটি আজ শুক্রবার রুশ পার্লামেন্ট দুমায় পর্যালোচনা করা হবে।