রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বেলারুশে ইউক্রেন প্রতিনিধি দল

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে জানা গেছে।

আজ সোমবার এই আলোচনা প্রক্রিয়ার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুতনিক।

ওই সূত্র জানায়, স্থানীয় সময় আজ সকালে আলোচনা শুরু হবে।

রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে। 

রুশ প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি বলেন, বেলারুশের গোমেল অঞ্চলে আলোচনায় বসা নিয়ে ইউক্রেনীয় পক্ষের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেদিনস্কি।

তবে সংশ্লিষ্ট সূত্র তাসকে বলেছেন, ঠিক কোন জায়গায় আলোচনা হবে, তা প্রকাশ করা হবে না।

গতকাল জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়, কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন–বেলারুশ সীমান্তে রুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে ইউক্রেনীয় প্রতিনিধি দল। এসময় বেলারুশ ভূখণ্ড থেকে যেন কোনো বিমান বা হেলিকপ্টার না উড়ে যায় কিংবা ক্ষেপণাস্ত্র না ছোড়া হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন লুকাশেঙ্কো।