রাশিয়ার বিরুদ্ধে সফল ড্রোন হামলার দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

রুশ বাহিনীর বিরুদ্ধে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

আজ সোমবার মার্কিন সংবাদসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে তুরস্কে নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিইউকে সার্ফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনকারী সাঁজোয়া যান) ধ্বংস করতে দেখা গেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি ঝালুঝনি জানান, রাজধানী কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত ম্যালিন শহরে এ হামলা চালানো হয়।

ইউক্রেন সরকার গত বছর থেকে তুরস্কের কাছ থেকে বের‍্যাকটার টিবি২ মডেলের ড্রোন পেতে শুরু করে।

৪ দিন টানা হামলার পর আজ ৫ম দিন সকালে বেলারুশের সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে।