রাশিয়া বা ইউক্রেন কাউকেই ছাড়তে পারব না: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, 'তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারো সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে পারবে না।'
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
এ সময় এরদোয়ান বলেন, 'যুদ্ধের উত্তেজনা কমাতে আঙ্কারা মন্ট্রিক্স কনভেনশন বাস্তবায়ন করবে।'
রোববার তিনি রাশিয়ার আক্রমণকে 'যুদ্ধ' হিসেবে উল্লেখ করেন। ১৯৩৬ সালের মন্ট্রিক্স কনভেনশন অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে দারদানেলস ও বসফরাস প্রণালী আটকে দিয়ে ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিতে পারে তুরস্ক।
তবে সোমবারের বৈঠকের পর এরদোয়ান ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর অবস্থানকে 'দ্বিধাগ্রস্ত' হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন।
তিনি বলেন, 'এটি একটি ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার লক্ষণ।'
এরদোয়ান বলেন, 'তুরস্ক ন্যাটোসহ সব জোটকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। তবে এ অঞ্চলের দেশগুলোর "জাতীয় স্বার্থ" এড়িয়ে যাবে না তুরস্ক।'
তবে আবারও তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে 'অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করেছেন।