রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক বুধবার: মিডিয়া
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
ইউক্রেনীয় গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার রুশ বার্তাসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
গত ৬ দিন ধরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে গতকাল সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের গোমেলে প্রথম দফা আলোচনায় বসেন।
তবে ৫ ঘণ্টাব্যাপী আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বলে জানানো হয়।
মঙ্গলবার ইউক্রেনের জারকালো নেদেলি মিডিয়া আউটলেট জানায়, রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে আরেক দফা আলোচনা ২ মার্চ অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের আরেকটি মিডিয়া আউটলেট গ্লাভকম সে দেশের প্রতিনিধি দলের বরাত দিয়ে জানায়, প্রথম বৈঠকে রাশিয়া ইউক্রেনকে সংসদ থেকে নিরপেক্ষ থাকার অনুমতিপত্র নিতে এবং এ বিষয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিতে বলেছে।
এছাড়া, ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ক্রিমিয়া ফেরত পাওয়ার দাবি প্রত্যাহার করতে বলেছে রাশিয়া।
গ্লাভকম জানায়, বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানায়।