রাশিয়া-ইউক্রেন আলোচনা মস্কো সময় দুপুর ১২টায় শুরু

স্টার অনলাইন ডেস্ক

ভ্লাদিমির পুতিনের সহযোগী ও রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা মস্কোর স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়া উচিত।

আজ সোমবার রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেদিনস্কি বলেন, 'আমরা এইমাত্র তথ্য পেয়েছি যে, ইউক্রেনের প্রতিনিধিরা আগামী ১ ঘণ্টার মধ্যে এসে পৌঁছবেন। তাই আমরা দুপুর ১২টায় আলোচনার টেবিলে বসতে চাই।'

তিনি আরও বলেন, 'আমরা সারারাত জেগে ছিলাম। আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের আগমনের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত, তাদের খুব জটিল লজিস্টিকস রয়েছে এবং তাদের আগমনের সময়টি সারারাত ধরে কয়েকবার স্থগিত করা হয়েছে।'

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য হিসেবে থাকছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অলেকসি রেজনিকভ, প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিকোলা টোচিটস্কি। 

উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিনিধি দলের সঙ্গে থাকছেন না।

প্রায় ৪ দিনের ধারাবাহিক আক্রমণের পর আজ বেলারুশ সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।