রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেবে না চীন
'একতরফা' আর্থিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন বলেছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর দেওয়া এ ধরনের নিষেধাজ্ঞায় চীন অংশ নেবে না।
চীনের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশনের (সিবিআইআরসি) প্রধান গুও শুকিং আজ বুধবার এ কথা বলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। সবশেষ গতকাল মঙ্গলবার পশ্চিমা মিত্ররা সুইফট গ্লোবাল ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ এক সংবাদ সম্মেলনে শুকিং বলেন, 'আমরা এই ধরনের নিষেধাজ্ঞাগুলোতে অংশগ্রহণ করব না। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক লেনদেনের কাজ অব্যাহত রাখব।'