যুদ্ধাপরাধের তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত 'দ্রুত শুরু' করতে রাজি হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গতকাল বুধবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২০১৩ সালে ইউক্রেনে রাশিয়াপন্থি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরুর পর থেকে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয় তদন্ত করবেন আইসিসির প্রসিকিউটর করিম এ খান।
তিনি বলেন, কানাডা ও ফ্রান্সসহ ৩৯ দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হতে যাচ্ছে।
বার্তায় প্রসিকিউটর করিম বলেন, '২০১৩ সালের ২১ নভেম্বর থেকে এখন পর্যন্ত ইউক্রেন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।'
তার মতে, 'অতীতে ও বর্তমানে ইউক্রেনে কেউ যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা চালালে তা তদন্তের সুযোগ আছে।'
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর আদালতের প্রসিকিউটর এ ঘোষণা দিলেন।
বার্তায় তিনি আরও বলেন, 'তদন্ত শুরুর বিষয়ে আমি আইসিসি প্রেসিডেন্সিকে আমার আগ্রহের কথা জানিয়েছি।'
গত সোমবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে আগ্রহ প্রকাশ করে তিনি বলেছিলেন, সংঘাত শুরুর পর ইউক্রেনে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটার 'যৌক্তিক ভিত্তি' দেখা যাচ্ছে।