‘যথেষ্ট হয়েছে’- সাধারণ পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘের মহাসচিব

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠকে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 'যথেষ্ট হয়েছে'। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে হবে।

সিএনএন জানায়, ১৯৮২ সালের পর সোমবার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকে রাশিয়ার পরমাণু প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার আদেশকে 'শীতল' অবস্থান বলে অভিহিত করেন জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, 'কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে সমর্থন করা যায় না।'

আন্তোনিও গুতেরেস বলেন, 'জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের ধারণা প্রায় ৫ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবাসিক ভবন এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতির বিশ্বাসযোগ্য প্রতিবেদন আছে।'

শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যুকে 'সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করেন তিনি।

ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনায় অবিলম্বে এ যুদ্ধ বন্ধ হবে এবং একটি কূটনৈতিক সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি বলেন, 'ইউক্রেনের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।'

সভায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লাহ শহীদ সব সদস্য রাষ্ট্রকে শান্তি স্থাপনে নৈতিক সাহস প্রদর্শনের আহ্বান জানান।

তিনি বলেন, 'জাতিসংঘ সাধারণ পরিষদ মানবতার প্রতিনিধিত্ব করে এবং এর শক্তি এর নৈতিক কর্তৃত্বের মধ্যে নিহিত।'