মস্কো পুঁজিবাজার বন্ধ গত ৩ দিন

স্টার অনলাইন ডেস্ক

পরপর তৃতীয় দিন ধরে বন্ধ রয়েছে মস্কোর পুঁজিবাজার। চলতি সপ্তাহে পুঁজিবাজার খোলার তেমন সম্ভাবনা নেই।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মস্কো পুঁজিবাজারের আজ তৃতীয় দিনের মতো বন্ধ রেখেছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, তবে চলতি সপ্তাহে সীমিত আকারে লেনদেনের অনুমতি দেওয়া হতে পারে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার 'দ্য স্টেট অব দ্য ইউনিয়ন' বক্তৃতায় বলেছেন ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের দাম ৩০ শতাংশ কমে গেছে এবং দেশটির পুঁজিবাজারে দরপতন হয়েছে ৪০ শতাংশ।

ধারণা করা হচ্ছে, বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে ক্রমাগত দরপতন ঠেকাতে মস্কো পুঁজিবাজার বন্ধ রাখা হতে পারে।