বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ ‘ম্রিয়া’ ধ্বংস করেছে রাশিয়া: ইউক্রেন
কিয়েভের কাছে হোস্তমেল বিমানবন্দরে আক্রমণ করার সময় রাশিয়া বিশ্বের বৃহত্তম বিমান আন্তোনভ এএন-২২৫ 'ম্রিয়া' ধ্বংস করেছে বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা দাবি করেছেন।
উড়োজাহাজটি সোভিয়েত ইউনিয়নের শেষ দিকে ১৯৮০'র দশকে তৈরি করা হয়েছিল। স্পেস শাটল পরিবহনের জন্য এটি তৈরি করা হয়।
তবে সর্বশেষ করোনা মোকাবিলায় জরুরি সরবরাহের কাজে উড়োজাহাজটি ব্যবহার করা হচ্ছিল।
রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় উড়োজাহাজটির একটি ছবি দিয়ে বলেন, 'এটি ছিল বিশ্বের বৃহত্তম বিমান এএন-২২৫ 'ম্রিয়া' (ইউক্রেনীয় ভাষায় স্বপ্ন)।'
'রাশিয়া হয়তো আমাদের "স্বপ্ন" ধ্বংস করেছে। কিন্তু তারা কখনোই আমাদের শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হব!' টুইটে তিনি বলেন।
উড়োজাহাজটি নির্মাণের পর এটিকে সোভিয়েত সামরিক মিশনে ব্যবহার করা হয়। পরের ৮ বছর এটিকে কোনো কাজে লাগানো হয়নি। তারপর সংস্কার করে এটিকে আন্তোনভ এয়ারলাইন্সের বাণিজ্যিক কার্যক্রমে সংযুক্ত করা হয়।