বিদেশগামী রুশদের বিমানবন্দরে দীর্ঘ জেরা

স্টার অনলাইন ডেস্ক

বিদেশগামী রুশদের নিজ দেশের বিমানবন্দরে দীর্ঘ সময় জেরা করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম দ্য মস্কো টাইম।

গতকাল বুধবার মিডিয়াজোনা নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে মস্কো টাইম এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন রুশ নাগরিক সংবাদমাধ্যমটিকে জানিয়েছে তারা পাসপোর্ট নিয়ন্ত্রণের মধ্যে পড়েছেন। তাদের কয়েকজনকে পাহারা দিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়।

অন্তত ২ জন গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের স্মার্টফোন ও ল্যাপটপ চেক করা হয়েছে।

বিদেশগামী ভিয়াচেসলাভ উসটেনকো গণমাধ্যমকে বলেন, 'প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আমাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন তারা বলেন, আমাকে নাকি দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়াটা ঠিক হয়নি।'

২১ বছর বয়সী উসটেনকো গণমাধ্যমকে জানান, তাকে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদস্যরা অপমান করেছে।

তিনি আরও বলেন, 'তারা আমাকে বলে আমি নাকি মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আমি নাকি ইউক্রেনে যাচ্ছি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে।'

মস্কো টাইমের হাতে আসা এক ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, জেরা করা হলে যাত্রীরা যেন বলেন—'হাতে রিটার্ন টিকিট আছে। ভ্যাকেশনে যাচ্ছি। ইউক্রেনে যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ।'