প্রমাণ করুন আপনারা আমাদের সঙ্গে আছেন: ইইউ নেতাদের জেলেনস্কি
ইউরোপীয় নেতাদের ইউক্রেনের পাশে দাঁড়াতে আবারো আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, 'প্রমাণ করুন আপনারা আমাদের সঙ্গে আছেন, প্রমাণ করুণ আপনারা প্রকৃত ইউরোপীয়।'
ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে ইউক্রেনকে 'তাৎক্ষণিক' সদস্যপদ দেওয়ার আহ্বান জানানোর এক দিন পর প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টে এ আহ্বান জানান।
তিনি বলেন, 'আমরা আমাদের শক্তি প্রমাণ করেছি। আমরা প্রমাণ করেছি যে, আমরা ঠিক আপনাদের মতোই। তাই প্রমাণ করুন আপনারা আমাদের সঙ্গে আছেন। প্রমাণ করুন আপনারা আমাদের হারতে দেবেন না। প্রমাণ করুন যে আপনি সত্যিই ইউরোপীয়।'
'তা না হলে, অন্ধকারের জয় হবে, মৃত্যুর জয় হবে,' বলেন তিনি।
জেলেনস্কি বলেন, 'রাশিয়ার আগ্রাসনের মধ্যেও আমরা বেঁচে থাকার জন্য সর্বোচ্চ লড়াই করছি। এটি আমাদের প্রেরণার সর্বোচ্চ - তবে আমরা ইউরোপের সমান সদস্য হওয়ার জন্যও লড়ছি। আমরা আমাদের মূল্যবোধ, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সমতার পাওয়ার আকাঙ্ক্ষার জন্য আমাদের জীবন দিচ্ছি।'
তিনি আরও বলেন, 'কেউ আমাদের ভাঙতে পারবে না। কারণ আমরা শক্তিশালী, আমরা ইউক্রেনীয়।'
রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে ইউক্রেনকে 'তাৎক্ষণিক' সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন।
মঙ্গলবার এক টুইটে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, 'ইইউর এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত যেটি নিতে পারে সেটি হলো ইউক্রেনকে ইইউর একটি নতুন ও পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা। ঐতিহাসিক সময়ের প্রেক্ষাপটে বড় ও ঐতিহাসিক সিদ্ধান্তের প্রয়োজন হয়, যা ঘটনার প্রবাহকে পরিবর্তন করতে পারে।'
তিনি আর দেরি না করে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে ইইউ নেতাদের আহ্বান জানান।