পাঁচ দিনে ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

টানা ৫ দিনের তীব্র যুদ্ধে ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহতের দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

এ ছাড়াও, দুইশরও বেশি রুশ সেনা ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দি হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফের একজন মুখপাত্র।

আজ মঙ্গলবার বিবিসি জানায়, ফেসবুকে এক ভিডিওবার্তায় ওই কর্মকর্তা আরও দাবি করেছেন, রাশিয়ার ১৯৮টি ট্যাংক, ২৯টি বিমান, ৮৪৬টি সাঁজোয়া যান এবং ২৯টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

বিবিসি এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে যে, ইউক্রেনে আগ্রাসনের সময় মস্কো বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

গত কয়েকদিন ধরে রুশ সেনা নিহতের তথ্য অস্বীকার করে আসলেও গত রোববার মস্কোর কর্মকর্তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, তাদের বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।