নিউক্লিয়ার রেসপন্স টিম সক্রিয়: মার্কিন জ্বালানিমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ইনসিডেন্ট রেসপন্স টিমকে সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম।
আজ শুক্রবার এক টুইটবার্তায় তিনি এ তথ্য জানান।
টুইটে তিনি বলেন, 'জ্বালানি বিভাগ তার নিউক্লিয়ার ইনসিডেন্ট রেসপন্স টিমকে সক্রিয় করেছে এবং প্রতিরক্ষা বিভাগ, সরকারের পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা এবং হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করে যাবতীয় ঘটনা পর্যবেক্ষণ করছে। আমরা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে তেজস্ক্রিয় বিকিরণের কোনো তথ্য পায়নি।'
.@ENERGY has activated its Nuclear Incident Response Team and is monitoring events in consultation with @DeptofDefense, @NRCgov and the White House. We have seen no elevated radiation readings near the facility. 2/
— Secretary Jennifer Granholm (@SecGranholm) March 4, 2022
এর আগে, অপর এক টুইটবার্তায় জেনিফার গ্রানহোম জানিয়েছিলেন, তিনি ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর সঙ্গে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুনের বিষয়ে কথা বলেছেন এবং ইউএস নিউক্লিয়ার ইনসিডেন্ট রেসপন্স টিমকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসি জানায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগারের তত্ত্বাবধানকারী গ্রানহোম এক টু্ইটবার্তায় বলেন, 'জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রাশিয়ার বেপরোয়া সামরিক অভিযান অবশ্যই বন্ধ করা উচিত।'
তিনি আরও বলেন, 'ওই বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো শক্তিশালী কন্টেনমেন্ট স্ট্রাকচার দ্বারা সুরক্ষিত এবং সেগুলোকে নিরাপদে বন্ধের কাজ চলছে।'
এর আগে, রুশ বাহিনীর গোলায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়।
রয়টার্স জানায়, পার্শ্ববর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ বলেন, 'শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনীর হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে।'