নিউক্লিয়ার রেসপন্স টিমকে সক্রিয় করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম জানিয়েছেন, তিনি ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর সঙ্গে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুনের বিষয়ে কথা বলেছেন এবং ইউএস নিউক্লিয়ার ইনসিডেন্ট রেসপন্স টিমকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শুক্রবার বিবিসি জানায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগারের তত্ত্বাবধানকারী গ্রানহোম এক টু্ইটবার্তায় বলেন, 'জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রাশিয়ার বেপরোয়া সামরিক অভিযান অবশ্যই বন্ধ করা উচিত।'

তিনি আরও বলেন, 'ওই বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো শক্তিশালী কন্টেনমেন্ট স্ট্রাকচার দ্বারা সুরক্ষিত এবং সেগুলোকে নিরাপদে বন্ধের কাজ চলছে।'

এর আগে, রুশ বাহিনীর গোলায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়।

রয়টার্স জানায়, পার্শ্ববর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ বলেন, 'শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনীর হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে।'