জাপানও রাশিয়ার সঙ্গে সুইফট ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ করবে

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি দেশের পর এবার রাশিয়ার সঙ্গে সুইফট ব্যাংকিং সিস্টেমে লেনদেন বন্ধ করতে যাচ্ছে জাপান।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রোববার এ কথা বলেছেন, বার্তাসংস্থা রয়টার্স জানায়।

এক সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা বলেন, 'যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো জাপানও সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে কিছু রাশিয়ান ব্যাংকের অ্যাক্সেস ব্লক করবে।'

তিনি বলেন, 'টোকিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।'

জাপান ইউক্রেনে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে বলেও জানান তিনি।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, 'ইউক্রেনে রুশ আগ্রাসন আন্তর্জাতিক শৃঙ্খলার মূলে আঘাত করেছে। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।'

সুইফট একটি নিরাপদ মেসেজিং সিস্টেম যার মাধ্যমে দ্রুত বিভিন্ন দেশের মধ্যে অর্থ লেনদেন করা যায়। এই ব্যবস্থায় প্রতি বছর এক দেশ থেকে অন্য দেশে ট্রিলিয়ন ডলার স্থানান্তরিত হয় এবং বর্তমানে এটি আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের অন্যতম প্রধান ব্যবস্থা হিসেব পরিণত হয়েছে।

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলার পর শনিবার যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশ রাশিয়াকে সুইফট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে। 

এতে রাশিয়ান কোম্পানিগুলোর জন্য আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন কঠিন হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।