কেবল নিজের জন্য নয়, যুদ্ধরত সেনাদের জন্যও খাবার কিনছেন তারা

স্টার অনলাইন রিপোর্ট

ইউক্রেনের কিয়েভে কারফিউ তুলে নেওয়ার পর সেখানে খাবারের দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে খাবার কিনছেন ইউক্রেনীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। তবে কেবল নিজের জন্য নয় যুদ্ধরত সেনাদের জন্যও খাবার কিনছেন তারা।

food kiev
কিয়েভের খাবারের দোকানের সামনে দীর্ঘ লাইন। ছবি: ফারুক আহমেদ

'এখনও কোনো বড় খাদ্য সংকট নেই কিন্তু আমরা শুধু আমাদের জন্য নয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সৈন্যদের জন্যও খাবার সংগ্রহ করছি, ইউক্রেনে কিয়েভ থেকে ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন বাংলাদেশের ফারুক আহমেদ।

তিনি বলেন, ইউক্রেনের প্রধান খাদ্য রুটি কিন্তু রুটির সংকট থাকলেও অন্যান্য শুকনো খাবার যেমন স্যুপ ও ফল পাওয়া যাচ্ছে।

ফারুক বলেন, তারা একটি নির্দিষ্ট নম্বরে কল করেছিলেন এবং স্বেচ্ছাসেবকরা সেনাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে যান।

food kiev2
ছবি: ফারুক আহমেদ

'সবাই তাদের কেনা খাবারের একটি অংশ সেনাদের জন্য দিচ্ছে। আমরা সেই খাবারগুলো একটি নির্দিষ্ট জায়গায় দান করছি এবং স্বেচ্ছাসেবীরা ইউক্রেনীয় সেনাদের কাছে সেই খাবার পৌঁছে দিচ্ছে, বলেন ফারুক।